নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী তুলা শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তুলা শেখ কয়েড়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন। শনিবার (১৫ নভেম্বর) বিকালে ভূঞাপুর ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ভূঞাপুর থানায় সাধারণ ডায়েরী করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সক্রিয় নেতা তুলা শেখ কয়েড়া মৌজার ২৮৩ এবং ৭৮৯ খতিয়ানের ৩২৯৫ দাগের ৩৮ শতাংশ আবাদি জমির মালিকানা দাবি করে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন। ইতিমধ্যে এনিয়ে আদালতে বাটোয়ারা মামলা হয়েছে এবং বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। এতে গ্রাম্য সালিশ ভুক্তভোগীর পক্ষে রায় দিলেও তা মানতে নারাজ প্রতিপক্ষরা। পরবর্তীতে সালিশদার উভয়পক্ষকে জমিতে যেতে নিষেধ করলেও তা মানেননি প্রতিপক্ষ তুলা শেখ ও তার লোকজন।
এরই জেরে গত শুক্রবার ১৪ নভেম্বর সকালে তুলা শেখ তার দলবল নিয়ে বীর মুক্তিযোদ্ধার আধাপাকা ধান কেটে নেন। অভিযোগে ভুক্তভোগী প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হন দাবি করেছেন । অভিযোগে আরও বলা হয়েছে, জমির ধান কাটাকে কেন্দ্র করে যুবলীগ নেতা তুলা শেখ তার ভাই-ভাতিজারা ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে নানা হুমকি দিয়ে আসছে। এনিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ধানকাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, এই জমিটি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের। তিনিই ভোগ-দখল করে আসছেন । যারা তার জমির ধান কেটে নিয়েছেন তারা জমির কেউ না। এভাবে একজন বীর মুক্তিযোদ্ধার আধাপাকা জমির ধান কেটে নেয়ার বিষয়টি খুব দুঃখজনক। এটির সুষ্ঠু সমাধান দরকার।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন,” জমিটি আমার পৈত্রিক সম্পত্তি। জমিটি আমি ভোগ-দখল করে আসছি। কিন্তু প্রতিপক্ষ তুলা জমিটি নিজের বলে মালিকানা দাবি করে জোরপূর্বক জবরদখলের পায়তারা করছে। ইতিমধ্যে ওরা দলবল নিয়ে আমার জমির আধাপাকা ধান কেটে নিয়ে গেছে। এর প্রতিবাদ করতে গেলেও নানা হুমকি-দামকি দিচ্ছেন।
তাই প্রতিকার চেয়ে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি ।”
অন্যদিকে তুলা শেখ দাবি করে বলেন, জমিটি আমার দাদির সম্পত্তি। আবুল কালাম আজাদ আমার অংশ বুঝিয়ে দিচ্ছেন না। দীর্ঘদিন সে নানা তালবাহানা করে আসছে। এ নিয়ে আদালতে বাটোয়ারা মামলাও হয়েছে এবং গ্রাম্য সালিশে কোনো সমাধান হয়নি। আমি নিজের অংশের ধানই কেটেছি।”
এ ব্যাপারে কয়েড়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু বলেন,বীর মুক্তিযোদ্ধার ধান কেটে নেয়ার ব্যাপারে আমি অবগত আছি।
এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


