নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সাব-রেজিস্ট্রার মো: রায়হান হাবিবকে অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানাযায়, ১লা নভেম্বর ২০২৬ তারিখে ভূঞাপুরে সাবরেজিস্টার হিসেবে যোগদান করেন তিনি । তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রায়হান হাবিব এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে একই পদে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ, বিধি ৩(খ)-এ উল্লেখিত অসদাচরণ এবং বিধি ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে ০৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযোগের মাত্রা ও ধরন বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিভাগীয় মামলা চলাকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে গত ২৮ অক্টোবর ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করে দেন রায়হান হাবিব। বদলির আগে এসব দলিল নিবন্ধন করা হয়। এ কাজে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।


