লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সরিষার তেলের মিলে দীর্ঘদিন ধরে সরিষার তেলের সাথে জাহাজের পোড়া মবিল মিশিয়ে সরিষার তেল হিসেবে বিক্রি করায় আব্বাস নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসলাম হোসাইন। অর্থদ- ছাড়াও সরিষার তেল হিসেবে বিক্রি করা ৪৮ ড্রাম পোড়া মবিল ধ্বংস করা হয়।

এর আগে মানহীন, অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম, খাবারে কাপড় ও বার্নিসের রঙ ব্যবহার করায় উপজেলার ৮ বেকারিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোছাঃ নাসরীন পারভীন।
জানা গেছে, ভূঞাপুর পৌরসভার সামনে অবস্থিত সরিষার তেল তৈরি কারখানার আড়ালে অতি মুনাফার জন্য দীর্ঘদিন ধরে সরিষার তেলের সাথে জাহাজের পোড়া মবিল মিশিয়ে বিক্রি করে আসছিলেন আব্বাস। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩৯ ড্রাম পোড়া মবিল ও ৯ ড্রাম মবিল মিশ্রিত সরিষার তেল জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসলাম হোসাইন বলেন, ভেজাল সরিষার তেল বিক্রি করার দায়ে ব্যবসায়ীকে অর্থদ-সহ জব্দকৃত বিপুল পরিমাণ তেল ধ্বংস করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন বলেন, ভেজাল খাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ্য হয়ে পড়ছে। ভূঞাপুরকে ভেজাল মুক্ত করার জন্যই আমাদের এ অভিযান। আর এ অভিযান অব্যাহত থাকবে।


