নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের প্লেট পরিষ্কার ও ফ্রিজে পুরোনো বাসি খাবার সংরক্ষণের দায়ে দুটি খাবার হোটেলের সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, পৌরসভার নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিং করায় এক ট্রাকচালককে সড়ক পরিবহন আইন অনুযায়ী ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, “খাবারের হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ পার্কিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


