লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধি ও ঘন ঘন প্রবল বর্ষণের ফলে কয়েক দিনে উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় ৪ শতাধিক পরিবার নতুন করে গৃহহীন হয়ে পড়েছে। এমনকি উপজেলার অর্জুনা, গাবসারা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের বিভিন স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে।

অন্যদিকে ভাঙনের ফলে ভূঞাপুর-তারাকান্দি সড়ক পড়েছে হুমকির মুখে।আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসি।এদিকে এখন পর্যন্ত ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউব)কর্তৃপক্ষ।
সরেজমিনে উপজেলার অর্জুনা, গাবসারা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রমত্তা যমুনা নদী তার কড়ালগ্রাসী রূপ নিয়ে হানা দিয়েছে পুরনো জনপদগুলোতে। ভাঙনে ইতোমধ্যে মানুষের ঘর-বাড়ি ছাড়াও তাদের ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত লোকজন তাদের ঘর-বাড়ি সরানোর কাজে ব্যস্ত রয়েছে। নদী ভাঙন ও ভারি বর্ষণে অনেকের বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে।
এদিকে অব্যাহত ভাঙনের ফলে ভূঞাপুর-তারাকান্দি সড়ক হুমকিতে পড়েছে। গত দুইবারের ভাঙনে ভূঞাপুর-তারাকান্দি সড়কে যান চলাচল বন্ধ ছিল।যেভাবে যমুণার পানি বৃদ্ধি পাচ্ছে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের ঝূকিঁর কারন হতে পারে এমনটাই বলছেন স্থানীয়রা।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া জেলা প্রশাসক মহোদয় যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন। অনুমতি পেলে কাজ শুরু করা হবে।


