নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অভিনেতা আফরান নিশোর বাবা বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ ভোলা মিয়া।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ব্যক্তিগত সহকারী কাজী ইমরান বলেন, আব্দুল হামিদ ভোলা মিয়া দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া তিনি করোনায়ও আক্রান্ত ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই ভোররাতে তার মৃত্যু হয়। একইদিন বাদ আসর ভূঞাপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ শেষে ছাব্বিশা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রিীয় মর্যাদায় দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ ভোলা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ অনেকে।


