লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় ও ভূঞাপুর বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায় এ পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে ইমন (২৮) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার আসকা গ্রামের মৃত আব্দুস ছালাম খানের ছেলে রেদানুল হক খান (৩২) । এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, বুধবার ভোর রাত থেকে ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুু মহাসড়কের কামাক্ষামোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ভূঞাপুর অংশে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেদানুল হক খান মারা যান।


