নিজস্ব প্রতিবেদক: “সবাই মিলে শপথ করি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের ভূমিকা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন। শিক্ষাবিদ অধ্যাপক মির্জা মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার অমবিকা রায়, আঞ্চলিক সমন্বয়কারি জয়ন্ত কর, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, কাজীসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
সভায় দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী এস এম আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় বক্তারা বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোকপাত করেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “সমাজের সকল স্তরের মানুষ একসঙ্গে কাজ করলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত সকলে বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই মতবিনিময় সভার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


