লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা পজিটিভ হওয়ায় পুলিশ সদস্যসহ তিনটি বাড়ি ও একটি মুদি দোকান লকডাউন করে দিয়েছে প্রশাসন।

জানা যায়, উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের বাসিন্দা ও ঢাকার মালিবাগ এসবিতে কর্মরত এক পুলিশ সদস্য করোনার লক্ষণ নিয়ে গত ৩ মে বাড়ি আসেন। তিনি স্বেচ্ছায় কয়েক দিন হোম কোয়ারেন্টিনে থাকেন। শরীরে করোনার লক্ষণ তীব্রভাবে দেখা না দেওয়ায় স্বাভাবিক চলাফেরা করছিলেন ওই পুলিশ সদস্যে ।
এদিকে ঢাকা থেকে পুলিশ সদস্যের বাড়ি আসার খবরে গত ১২ মে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ওই পুলিশ সদস্যের করোনা পজিটিভ বলে জানানো হয়। সকালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যসহ তিনটি বাড়ি ও একটি মুদি দোকান লকডাউন করে প্রশাসন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। যারা ওই পুলিশ সদস্যের সঙ্গে আড্ডা দিয়েছে তাদের করোনা পরীক্ষা ও হোম কোয়রেন্টিনে থাকার দাবি ওঠে।


