তৌফিকুর রহমান, ভূঞাপুর : ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরবেলায় শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এবার এক ভিন্ন আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করলেন টাঙ্গাইলের ভূঞাপুরের বিরামদী আনোয়ারা হাবিব স্মুতি সংঘ নামের একটি সামাজিক প্রতিষ্ঠান। এলাকার সকল মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে ভাষা শহীদদের আত্নার শান্তি কামনা করেন তারা।শুক্রবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে সংগঠনের উদ্যোগে তারা উপজেলা চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা তাদের এলাকার প্রত্যেকটি মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেন। এর মাধ্যমে তারা আনোয়ারা হাবিব স্মৃতি সংঘ নামের সামাজিক প্রতিষ্ঠানের আত্ন প্রকাশ করেন। এসময় তাদের সাথে এলাকার মুরুব্বি থেকে কিশোর সবাই একাত্মতা প্রকাশ করেন এবং সর্বদা তাদের ভালো কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সেই সাথে সংগঠনের সকল সদস্যদের উন্নয়ন এবং সমাজসেবামূলক কাজের প্রতি উদ্বুদ্ধ করেন ও দিক নির্দেশনা দেন।
জানাযায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য আনোয়ারা হাবিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই উপজেলার বিরামদী তার নিজ গ্রামের যুবকদের উদ্যোগে একটি সামাজিক সংগঠন গড়ে তোলা হয়। পরে সেটিকে আনোয়ারা হাবিব স্মৃতি সংঘ নামকরণ করা হয়। সংরক্ষিত নারী আসন ১৪ এর সংসদ সদস্য হিসেবে তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ২৭ মে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ৯০ বছর বয়সে তিনি মৃৃত্যু বরণ করেন।সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম ও সম্পাদক হাবিব ইসলাম বলেন, সমাজে উন্নয়নমূলক কাজ করা, মাদকের ভয়াল থাবা থেকে যুবকদের ফিরিয়ে আনা, সমাজসেবামূলক কাজ করাই আমাদের উদ্দেশ্য। সাবেক সংসদ সদস্য আনোয়ারা হাবিবের নামে এই সংগঠনের মাধ্যমে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করার আত্মবিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যাব।


