নিজস্ব প্রতিবেদকঃ যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকায় অপরিকল্পিতভাবে কৃষকের জমি খনন করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরাঞ্চল গাবসারা ও অর্জুনা ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষক।

শনিবার (২৬ ডিসেম্বর) গাবসারা ইউনিয়নের রুলিপাড়া গ্রামে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিয়া, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, এলাকাবাসী মনিরুজ্জামান মিন্টু, খন্দকার আসলাম, মো. মহর আলী মন্ডল, আব্দুস সালাম, খোরশেদ আলম প্রমুখ। বক্তারা জানান, ফসলি জমির উপর নিশান লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার কৃষক। কৃৃষকের ১০০ একর জমিতে ইতোমধ্যে বাদাম, ধান, তরমুজ, কালাই, গম ইত্যাদি ফসল রোপণ করা হয়েছে। ড্রেজিং করা হলে সকল সম্পত্তি নদীতে চলে যাবে। নদীর পাড়ের ফসলি জমিও ভাঙনের কবলে পড়বে। এভাবে অপরিকল্পিত ড্রেজিং করলে চরে মানুষ বসবাস করতে পারবে না। তাই ফসলি জমি রক্ষায় অপরিকল্পিত ড্রেজিং বন্ধের দাবি জানান। ড্রেজিংয়ের প্রতিবাদ করায় বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও সমাবেশে জানানো হয়।


