নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নিরাপত্তা বেষ্টনী বিহীন চারতলা ভবন থেকে বাবুল মিয়া (বাবু)( ৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত বাবু উপজেলার মাইজবাড়ি গ্রামের গুটু মিয়ার ছেলে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ভূঞাপুর পৌর এলাকার ফসলান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এই ভবন নির্মাণ করলেও কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনী ব্যবহার না করেই চারতলা পর্যন্ত ভবন নির্মাণ করছে। দুপুরে শ্রমিকরা চারতলার পূর্ব অংশের সেন্টারিং খুলতে গেলে পা ফসকে নিচে পড়ে যায়। তাকে আহত অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভবনের মালিক জুয়েল মিয়া স্থানীয় থানা পুলিশকে না জানিয়ে কৌশলে লাশ হাসপাতাল থেকে নিহতের গ্রামের বাড়ি মাইজবাড়ি নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের ক্ষতি পুরণের আশ্বাস দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, এব্যাপারে আমি কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


