নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর সভার মধ্যে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অপরাধে ভাটা ম্যানেজারকে জেল ও ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ নভেম্বর)সকালে ভূঞাপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, গত ৪ বছর আগে পৌর শহরের মধ্যে শিয়াকোল মহল্লায় স্থানীয় প্রশাসনের যোগসাজসে অবৈধ ভাবে গড়ে উঠে আঁখি ব্রিকস্ নামক এ প্রতিষ্ঠান। স্থানীয়রা প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোন ফল না পেয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত ইট ভাটা সম্পূর্ণ ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশকে বৃদ্ধাঙলী দেখিয়ে চলতি মৌসুমে ইট ভাটা পরিচালনার কাজ শুরু করে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটার ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০দিনের কারাদন্ড প্রদান করেন এবং ইট তৈরীর জায়গা হাল বেয়ে ভাটা বন্ধ করে দেন।
আটকৃত ম্যানেজার হলো লাল মিয়া (৫৫) জেলার কালিহাতী উপজেলার কুড়ি ঘড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ।
স্থানীয় ভুক্তভোগী শিয়ালকোল মহল্লার সিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, ও স্বপন মিয়া জানান, পৌর শহরের মধ্যে অবৈধভাবে ইট ভাটা করায় আমরা নিয়ম মাফিক বাঁধা দিয়ে আসছি, এ ব্যপারে ভাটা বন্ধের দাবীতে ভূঞাপুর ও ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি। উচ্চ আদালত এই ভাটা বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। ইট ভাটার মালিক নূরে আলম প্রভাবশালী হওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইট ভাটা পরিচালনা করে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসীরন পারভীন জানান, ঘনবসতীপূর্ণ এলাকায় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধ ভাবে ইট ভাটা স্থাপন করায় আমরা তা বন্ধ করে দিয়েছি।


