নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘গায়েবি’ মামলায় নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ক্রেস্ট ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়,সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একাধিক রাজনৈতিক ও হয়রানিমূলক মিথ্যা মামলায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী কারাবন্দী ছিলেন।
এছাড়া বহু নেতাকর্মী দীর্ঘদিন আত্মগোপনে থেকে নানা দুর্ভোগের শিকার হন।
সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মান জানাতে সংবর্ধনার উদ্যোগ নেন এমপি আব্দুস সালাম পিন্টু। পরে উপজেলা বিএনপির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কারাবরণ করা নেতাকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নামাজ শিক্ষা বই ও জায়নামাজ তুলে দেন তিনি। এ সময় প্রায় ৩০০ নেতাকর্মীর মাঝে উপহার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সালাম পিন্টু বলেন, ‘দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। দলের কঠিন সময়ে তারা সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রামে পাশে ছিলেন। তাদের এই ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতেই আজকের এই আয়োজন।’
তিনি আরও বলেন, “‘দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে হবে।”‘


