নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অপরিকল্পিতভাবে যমুনা নদী খননের নামে কৃষকের রেকর্ডকৃত ফসলি জমি কাটার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চরাঞ্চলের সাধারন কৃষকেরা।
শনিবার(১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় বাংলাদেশ কৃষক সমিতির নদী ভাঙলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, নদী ভাঙলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটির আহŸায়ক আবদুল কাদের, কৃষক সমিতির জেলা শাখার যুগ্ম সম্পাদক আশরাফ আলী তালুকদার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ। জানা গেছে, ভূঞাপুর অংশে অসাধু বালু ব্যবসায়ীদের যোগসাজশে উপজেলার অর্জুনা, কুঠিবয়ড়া, ভরুয়া, জগৎপুরা, তালতলা, সুবর্ণচর, রাজাপুর, রামপুর, গোবিনাথপুর, জুঙ্গীপুর, চাঁনগঞ্জ রুলীপাড়া, বেলটিয়াপাড়া, ডিগ্রিচরসহ বেশকিছু গ্রামের হাজার হাজার একর ফসলি জমি খননের কাজ চলছে। নদী শাসনের নামে অপরিকল্পিত নদী খননের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা। ফসলি জমি নষ্ট করে অপরিকল্পিত নদী খনন না করতে স্থানীয়রা সম্প্রতি হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে হাইকোর্ট নদীতে খনন বন্ধে রুল জারি করেন। কিন্তু হাইকোর্টের নির্দেশনা অমান্য করে জেলা পানি উন্নয়ন বোর্র্ডের কর্মকর্তাদের সহায়তায় ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ করছে। নাটোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল কাদের বলেন, মালিকানা জমি থাকলেও তাদের টাকা পরিশোধ না করেই ইচ্ছেমতো ফসলি জমি কাটছে। গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, রেকর্ডকৃত জমি খনন করে নদী বানাতে দেব না।


