মো:নাসির উদ্দিন ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ট্রাক চাপায় চায়না (৫০) নামে এক নারীর হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সাথে মাহিন্দ্রাযোগে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঘুরতে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত চায়না বেগম ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ি ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের মো. আবেদ আলীর স্ত্রী।

ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল জানান, মাহিদ্রা ভাড়া করে বাড়ি থেকে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে যাচ্ছিলেন একই পরিবারের ৮ সদস্য। পথিমধ্যে বাগবাড়ি পৌঁছলে জিগাতলা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক মাহিন্দ্রাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চায়না বেগমের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় আরও ৭ জন। পরে চায়না বেগমকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।


