নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে তেল বিক্রি, গুদামজাত করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে ২ মুদির দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এরা হলেন মিনহাজ উদ্দিন ও বাদল ঘোষ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, গুদামে তেল মজুদ করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে ২ দোকানিকে জরিমানা করা হয়েছে।তারা ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ৮৫২ টাকা থাকা সত্ত্বেও ৯৮০ টাকা থেকে ১০০০ টাকায় বিক্রি করছিল।
তিনি আরও বলেন,পবিত্র রমজানকে সামনে রেখে কেউ যেন এধরনের কাজ করতে না পারে সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


