নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে তেল মজুদ ও নকল প্রসাধনী বিক্রির দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাথাইলকান্দি ও গোবিন্দাসী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ এবং নকল প্রসাধনী বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে মেসার্স প্রামানিক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স তালুকদার এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা এবং গরীব স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসাদুজ্জামান রোমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


