নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকের মা বৃদ্ধা সুলতানা সুরাইয়া (৬৫) হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন সিরাজগঞ্জ সদরের পুনর্বাসন এলাকার মো. শাহজাহান ওরফে শাহ জামালের ছেলে মো. লাবু (২৯) ও ভূঞাপুর পশ্চিমপাড়ার সিরাজ আকন্দের ছেলে আল আমিন আকন্দ (২২)। পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন জানান, আল আমিন আকন্দ ওই বৃদ্ধার আত্মীয়। নিহতের সন্তান ঢাকায় থাকায় আসামিরা অনেক সময় টাকার বিনিময়ে ওই বৃদ্ধার সাংসারিক কাজ করে দিতেন। সেই সুবাদে আসামিরা জানতে পারেন সুলতানা সুরাইয়ার কাছে টাকা আছে। সেই টাকা চুরি করতে ১৩ সেপ্টেম্বর রাতে আসামিরা বৃদ্ধার বাড়িতে যান। রাত ১২টার পর ঘরে প্রবেশ করার পর বৃদ্ধা তাদের দেখে চিনে ফেলে। বৃদ্ধা আত্মচিৎকার করার সময় আসামিরা গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে। পরে স্লুইচ গিয়ার ছুরি দিয়ে তাকে জবাই করে। মৃত্যু নিশ্চিত করে বৃদ্ধার সাড়ে ১২ হাজার টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যান।লাবু একটি মোবাইল সিরাজগঞ্জ সদরে বিক্রি করেন। সেই মোবাইলের সূত্র ধরে প্রথমে লাবুকে ও পরে আল আমিন আকন্দকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার রাতে লাবুকে সিরাজগঞ্জ সদর ও আল আমিন আকন্দকে ভূঞাপুর সদর থেকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনেই নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিবে বলে পিবিআইকে জানিয়েছে।উল্লেখ্য- গত ১৫ সেপ্টেম্বর পশ্চিম ভূঞাপুর এলাকায় নিজ গ্রাম থেকে সুলতানা সুরাইয়া (৬৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ।


