নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
একই সঙ্গে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ অনুঅনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হুইল চেয়ার এবং কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস, উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাসসহ বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


