সেশন জটের ঝামেলা থেকে মুক্ত থাকতে পিইসি ও জেএসসি পরীক্ষার ওপর মূল্যায়ন করে অটোপাসের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক বিক্ষোভ ও মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে প্রায় দুই ঘন্টাব্যাপি এই বিক্ষোভ সমাবেশ করে উপজেলার বিভিন্ন মাাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমাবেশ শুরুর আগে উপজেলার ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, নিকরাইল পলশিয়া রানী দিনমনি উচ্চ বিদ্যালয়, বাগবাড়ী উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়, মাটিকাটা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেত হয়। পরে তারা তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- এসএসসি পরীক্ষার্থী রোহান, রাজু, মুশফিক, তানভীর, শিশির, রবিন, সাকির প্রমুখ। এতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধনে বিক্ষোভকারীরা বলেন-‘করোনায় আমাদের স্কুল কার্যক্রম আজ প্রায় ১১মাস ধরে বন্ধ রয়েছে। এতে পড়াশোনায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। অথচ মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, পরীক্ষার আগে আমাদের তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে, যা আমরা মনে করি সম্পূর্ণ অমানবিক। সরকার এইচএসসি পরীক্ষার্থীদের যদি অটোপাস দিতে পারে তাহলে আমাদের কেন অটোপাস দিবে না? তাই দাবি মোদের একটাই এসএসসিতে অটোপাস চাই।’


