নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার(২০ জুন) সকাল সাড়ে নয় টায় টেলকি জলই গ্রামে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধার করতে একে একে আরও তিনজন নিচে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বাইরে ফিরে আসতে পারেননি।খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন, জলই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫), তার ছেলে রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।


