নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার কুঠিবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে কাইয়ুম (১৯), কষ্টাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুস সালাম (৪০) ও আব্দুল আলিমের ছেলে জোবায়ের (২৫)।জানাযায়, দীর্ঘদিন ধরে কাইয়ুম, সালাম ও জোবায়ের গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিলো।শুক্রবার বিকেলে গাঁজা সেবন করা অবস্থায় কাইয়ুমকে কুঠিবয়রা থেকে এবং ইয়াবা সেবন করা অবস্থায় কষ্টাপাড়া থেকে সালাম ও জোবায়েরকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মেমরাজুল ইসলাম রুবেল বলেন, মাদক সেবন করা অবস্থায় তিনজনকে আটক করা হয়। জনসম্মুখে স্বীকারও করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিনজনের প্রত্যেককেই চারমাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। আগষ্ট মাসে মাসে ১৬ জন ও সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


