নিজস্ব প্রতিবেদক: বর্তমান করোনা ভাইরাসের কারণে বৃত্তির টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে মানবতার এক দৃষ্টান্ত দেখাল শিক্ষার্থী এই দুই ভাই-বোন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে তাদের এই জমানো ১৩ হাজার ৪০০ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মামুন।
দুই মেধাবী শিক্ষার্থী রিজন ও মিথিলা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার (বাদল) এর ছেলে ও মেয়ে। রিজন ও মিথিলার মা আরিফা খাতুন পশ্চিম ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা।
রিজন টাঙ্গাইলের কাগমারী সরকারি এম এম আলী কলেজের ইংরেজি অনার্স বিভাগের ছাত্র ও তার ছোট বোন মিথিলা ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রিজন তার ৮ম শ্রেণির বৃত্তির ৪ হাজার ৮০০ টাকা ও বি.এন সি.সি’র ৫ হাজার টাকা এবং ছোট বোন মিথিলা ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত ৩ হাজার ৬০০ টাকা প্রদান করে।
রিজন ও তার বোন মিথিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়াতে। সে লক্ষে আমরা দু’ভাইবোন নিজেদের বৃত্তির টাকা লেখাপড়ায় খরচ ও ঈদের কেনা-কাটা না করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ ১৩ হাজার ৪০০ টাকা জমা দিয়েছি। আমরা দুই ভাই-বোনের এই সামান্য টাকা জমা +দেয়ার উদ্দেশ্য হলো ‘ করোনা ভাইরাস মহামারীতে যার যে সামর্থ আছে, সবাই সামর্থ অনুযায়ী প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিলে, এ মহামারীতে দরিদ্র ও অসহায় মানুষের মুখে দু’মুঠো অন্ন যোগাবে।” এছাড়াও ত্রাণ তহবিলে টাকা জমা দেয়ার সুযোগ করে দেয়ায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে রিজন ও মিথিলার বাবা সাহিনুল ইসলাম তরফদার বাদল বলেন, বিত্তবান প্রত্যেককে এই দুর্যোগ সময়ে এভাবে এগিয়ে আসা উচিত।


