নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে মির্জাপুরের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন— টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী সড়কে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


