নিজস্ব প্রতিবেদক : ঈদ মোবারক ! ঈদ মোবারক!! রাত পোহালেই সোমবার সারা দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সে অনুসারে পশু কেনা, নাড়ির টানে গ্রামে যাওয়াসহ ঈদের সব প্রস্তুতি সম্পন্ন করে থাকেন সবাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেকড়ের টানে গ্রামের বাড়ি যাচ্ছে মানুষ; সাধ্যমতো কিনছেন পশু।ঈদুল আজহা আমাদের দেশের মানুষের কাছে ‘কোরবানির ঈদ’ নামেই পরিচিত। এর ইতিহাস সুপ্রাচীন। এদিকে প্রিয়জনদের সান্নিধ্যে ঈদের আনন্দ উদযাপন করতে বরাবরের মতোই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে অগণিত মানুষ গ্রামের বাড়িতে যাত্রা শুরু করেছে। রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বরাবরের মতোই দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। বেতার থেকে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। অন্যদিকে টেলিভিশন চ্যানেলগুলোতে ঈদ উপলক্ষে রয়েছে নানারকম আনন্দ-আয়োজন।


