নিজস্ব প্রতিবেদক ঃ ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।নিষেধাজ্ঞা কার্যকরে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ দিন গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও সমুদ্র মোহনায় কোস্ট গার্ডের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামেরা মা ইলিশ রক্ষা প্রচারনার নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে মৎস্য সংরক্ষণ আইন সংশোধন করে ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা ২২ দিন করা হয়েছে। এ সময় দেশের জলসীমায় কোনোভাবেই মা ইলিশ আহরণ করতে দেওয়া হবে না। মা ইলিশ থাকতে পারে এমন নদীতে কাউকে মাছ ধরতে দেওয়া হবে না। নৌ-পুলিশ ও কোস্টগার্ডের টহলের পাশাপাশি অত্যাধুনিক উপায়ে মনিটর করা হবে যেন কোনো নৌকা বা জাহাজ ইলিশ ধরতে না পারে।


