নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ঘাটাইলে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ এপ্রিল) বিকালে বিটাস ফার্মাসিউটিকালস (আয়ুর্বেদিক) নামে নকল ওষুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব-১২। অভিযানের সময় নকল ওষুধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয় এবং কোম্পানির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।র্যাব-১২ সিপিসি-৩ ভারপ্রাপ্ত টাঙ্গাইল কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঘাটাইল উপজেলা সদরের কাছে বীরঘাটাইলে মো. জাহাঙ্গীর আলমের মালিকাধীন বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) রেজিস্ট্রেশনবিহীন ওষুধ (ট্যাবলেট) উৎপাদন করে আসছে। সেই তথ্য মতে আজ রবিবার বিকাল ৪ টায় র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় কোম্পানির মালিক মো. জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদনহীন ঔষধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।


