নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হামিদপুরে নির্মাণ কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পথযাত্রী ও জনসাধারণ।

স্থায়ী জলাবদ্ধতা, রাস্তার সিমেন্ট ও পিচের ঢালাই তুলে ফেলায় গর্তে ধুলোর ঝড় ও দুর্ঘটনাসহ সংকটের মধ্যে রয়েছেন পথযাত্রীরা। রাস্তাটা বর্তমানে এতই নাজেহাল যে, হাঁটু পর্যন্ত পানি মাড়িয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। তার উপর নিত্যদিনের সড়ক দুর্ঘটনা লেগেই আছে। আর এ সবের জন্য এলেঙ্গা-জামালপুর মহাসড়ক নির্মাণ কাজের ধীরগতিকেই দায়ি করছেন ভুক্তভোগীরা।
সড়কের এক পাশ যানবাহন চালু রেখে অপরপাশে পেভমেন্ট ঢালাইয়ের কাজ করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভাঙ্গাচোরা অংশ দিয়ে যানবাহন চলাচল করছে। যানবাহনের চাপে সড়কের অনেক অংশ দেবে গেছে। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যান চলাচল বন্ধ হয়ে যায়। কখনো কখনো যানবাহন কাদায় আটকে ফেঁসে যায়। তখন দীর্ঘ যানজট দেখা দেয়। ফলে ৪০০ গজ রাস্তা পার হতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা ।
এ ছাড়া পানি জমে থাকায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে যানবাহন আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। হাঁটু পানি ভেঙে সড়ক পারাপার হচ্ছে সাধারণ মানুষ। যানবাহনের চাকার মাধ্যমে পথচারীদের গায়ে লাগছে ময়লা পানি।
এ বিষয়ে শুক্রবার (২২ মে) টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান বলেন, ‘কাজের গতি বাড়াতে তাগিদ দেয়া হয়েছে। ঈদ এর আগেই ভাঙ্গা অংশ মেরামত ও লেবেল করা হবে‘।


