মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় পোলিং এজেন্ট ট্রেনিং ও ক্যাম্পেইন ম্যানেজমেন্ট টিমের উদ্যোগে টাঙ্গাইল-০২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের ভূঞাপুরে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট সালাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সেলুমুজ্জাম তালুকদার সেলু। এ ছাড়া কর্মশালায় যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্রে করণীয়, অনিয়ম প্রতিরোধ এবং ভোটারদের অধিকার সুরক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশিক্ষিত ও সচেতন পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সালাম পিন্টু বলেন, “ভোটকেন্দ্র হচ্ছে গণতন্ত্রের মূল স্তম্ভ। পোলিং এজেন্টদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই জনগণের ভোটাধিকার রক্ষা করা সম্ভব।”
“পোলিং এজেন্টরা ভোটগ্রহণ শুরু থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই কেন্দ্রে অবস্থান করবেন। ভোট গণনা সম্পন্ন হওয়ার পর কেন্দ্র থেকে ফলাফলের কপি হাতে নিয়েই তারা কেন্দ্র ত্যাগ করবেন। কোনো অবস্থাতেই ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না।”
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে আইনগত অধিকার সম্পর্কে সচেতন থাকলে কোনো অনিয়ম বা কারচুপি প্রতিরোধ করা সম্ভব হবে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


