নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান।
বৃহস্পতিবার (২৫ জুন) ভূঞাপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম। এছাড়াও প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা গ্রহণ করেন।
এর আগে উপজেলার ১৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের মধ্যেও বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন ইউএনও মো. মাহবুব হাসান।অনুষ্ঠানে ইউএনও মো. মাহবুব হাসান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।গাছের চারা বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।


