নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্ত ছেলে কোদাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে। শনিবার (১৭ অক্টোবর)রাতে উপজেলার পাহাড়িয়া এলাকার হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ছেলে হাসমত আলীকে (৩০) আটক করেছে। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর হেংগারচালা গ্রামের ছোমেদ আলীর ছেলে হাসমত আলী মাদক সেবনের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এ কারণে তার বাবা-মা তাকে ঘরের বারান্দার একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখতেন।১৭ অক্টোবর শনিবার রাত আনুমানিক ৮টার দিকে শিকল বাঁধা খুঁটি তুলে ফেলে। শিকলমুক্ত হয়েই কিছু বুঝে ওঠার আগেই ঘরে ঢুকে তার বাবা ছোমেদ আলীকে (৫০) লাঠিপেটা করতে থাকে। এক পর্যায়ে ঘরে থাকা কোদাল হাতে পেয়েই সে কোদাল দিয়ে কুপিয়ে তার বাবার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এসময় তার মা বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে এলাকাবসী ঘটনাস্থলে গিয়ে লোমহর্ষক ঘটনা দেখে ঘাতক ছেলেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।


