নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই স্কুলছাত্রী।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আজ সোমবার অভিযুক্ত রফিজ উদ্দিনকে (৪৫) একমাত্র আসামি করে ঘাটাইল থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুরে নির্যাতনের শিকার স্কুলছাত্রী বাড়ির পাশের কুদ্দুছ মণ্ডলের আকাশমনি কাঠ বাগানে শুকনো পাতা কুড়াতে যায়। ওই সময় একই গ্রামের রফিজ উদ্দিন ওরফে অপু তাকে একা পেয়ে গামছা দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায় রফিজ। রাতে ধর্ষণের ঘটনাটি ওই ছাত্রী তার বাবা-মাকে জানালে তারা বিষয়টি তাৎক্ষণিক মোবাইল ফোনে ইউপি সদস্য কুদরত আলীকে অবগত করেন। পরে রাতেই কুদরত আলী বিষয়টি চেয়ারম্যান এমদাদুল হক সরকারকে জানান। পরে চেয়ারম্যান দু’জন গ্রাম পুলিশকে অভিযুক্ত রফিজকে ধরতে পাঠান। ইউপি সদস্য কুদরত আলী বলেন, রাতে আমি আমার ঘাটাইল বাসায় ছিলাম। অটল ও কৃষ্ণ নামের দুজন গ্রাম পুলিশ আমাকে ফোন করে জানায়, রফিজকে ধরে আটকে রাখা হয়েছে। কিছুক্ষণ পর আবার তারা ফোন করে বলে, রফিজ তাদের হাত থেকে ছুটে বনের দিকে পালিয়ে গেছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.ছাইফুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক রফিজকে আটকের চেষ্টা চলছে।


