ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মোঃ আব্দুর রহীম মিঞা
ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬‘ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুব হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ সাব্বির রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তোলে।”
বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে ওঠার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


