নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার মো: আশরাফ আলী তালুকদারের বাড়িতে যাতায়াতের একমাত্র পথে দেওয়া গেটের তালা খুলে দিয়েছে উপজেলা প্রশাসন।
এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে মুক্তিযোদ্ধা পরিবার। বুধবার ১৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান এর হস্তক্ষেপে বাসায় চলাচলের রাস্তা উন্মুক্ত হলো। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের কারণে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে যাওয়ার একমাত্র প্রবেশপথে তালা লাগিয়ে দেন। এতে করে তিনি ও তার পরিবারের সদস্যরা অসহায় বোধ করেন এবং তার বাড়ীতেই অবরুদ্ধ হয়ে পড়েন। মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের দাবী বাসায় যাতাযাতের জন্য সামনে জমি ক্রয় করা তার । ক্রয়কৃত জমি বেদখল ও বাসার সামনের রাস্তার গেটে তালা লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে গেটের তালা খুলে দেওয়া হয় এবং বীর মুক্তিযোদ্ধার চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার চলাচলে বাধা সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধান করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।” ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে আমরা কষ্টে ছিলাম। সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছি।”


