নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে মোট সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে অনাদায়ে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদন ছাড়াই যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া এলাকার ছালাম (৫৫), একই ইউনিয়নের পুনর্বাসন এলাকার চান মিয়া (৪০), এবং রফিক। মোবাইল কোর্টে তিনজনের প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ায় ভাঙ্গন বন্ধ হতে পারে ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, এসআই লাল মিয়া, নৌ পুলিশের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন , অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলনসহ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


