নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ।
মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছে মাছ ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার যমুনা তীরবর্তী গোবিন্দাসী ঘাট মাছ বাজারে উঠলে সেটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়।জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক জেলে তার সহযোগীদের সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে।পরে মাছটি তারা শুক্রবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এসময় উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজন মাছটি ৫০ হাজার টাকায় ক্রয় করে ভাগাভাগি করে নেয়। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়। মাছ বিক্রেতা বলেন- নদীতে মাছ ধরে বিক্রি করাই আমার পেশা। এতো বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এতো বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন- কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক ছেলে মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে আসলে আমি বিক্রির জন্য কিনে নেই। পরে এলাকার লোকজন ৫০ হাজার টাকা দিয়ে কিনে ভাগাভাগি করে নেয়।


