নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে দুই নারীসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ডুবাইল ইউনিয়নের সুবর্ণতলী গ্রাম থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা। গ্রেফতারকৃতরা হলেন, দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া গ্রামের মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. ফরহাদ হোসেন (৬০), মো. মনজু মিয়ার ছেলে পায়েল আহমেদ (২৩), মো. শুকুর মিয়ার ছেলে মিজান মিয়া (৩৫)। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মৃত আব্দুল হাইয়ের ছেলে বিল্লাল হোসেন (২৫), মৃত আব্দুস সাত্তারের স্ত্রী আছিয়া বেগম (৫০) ও সুমন মিয়ার স্ত্রী বৃষ্টি বেগম (২২)। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, নরসিংদী জেলার কয়েকজন মাদক কারবারি দেলদুয়ার এলাকায় এসে মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার-পাকুল্যা আঞ্চলিক সড়কের সুবর্ণতলী গ্রাম থেকে নারী সহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাজা, ৩টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ২ শত ৫০ টাকা জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে দেলদুয়ার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


