নিজস্ব প্রতিবেদক: বর্ষীয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই।
(ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানাযায়, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।আজ সোমবার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে দেলদুয়ারে লিফলেট বিতরণ ও প্রচারণা শেষে টাঙ্গাইল শহরের নিজ বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।বিএনপি এই প্রবীণ রাজনীতিবিদ টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবরে নানা মহলে শোকের ছায়া নেমে এসেছে।


