
নিজস্ব প্রতিবেদক: বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২। এদের মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অপর তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অপারেশন কমান্ডার শফিকুর রহমান এ তথ্য জানান।
এ সময় তাদের কাছ থেকে বিআরটিএ-এর ফরম, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ছবি, ৬ টি মোবাইল ফোনসহ ৬ টি সিম কার্ড উদ্ধার করে র্যাব সদস্যরা।
শফিকুর রহমান জানান, মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত বিআরটিএ কার্যালয়ের আশপাশের বিভিন্নস্থান থেকে সক্রিয় দালাল চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে কালিহাতী উপজেলার বেড়ীপটল গ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে ইসমাইল হোসেনকে ৪৫ দিন, একই উপজেলার পাঁচচারা গ্রামের মৃত মহিউদ্দিন দেওয়ানের ছেলে আব্দুস ছামাদ দেওয়ানকে ৩০ দিন এবং সদর উপজেলার নন্দ্রবালা গ্রামের ওসমান গনির ছেলে আইয়ুব আলী রিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাণ্ড দেয়া হয়।
অপর তিনজনের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এরা হলেন, দেলদুয়ার উপজেলার পাঁচ বিক্রমহাটি গ্রামের মৃত অক্ষয় চন্দ্র সরকারের ছেলে বিনয় চন্দ্র সরকার (৪৪), ঘাটাইল উপজেলা সদরের মৃত কদ্দুস তালুকদারের ছেলে সেলিম রেজা (৫০) ও একই উপজেলার মনিদহ গ্রামের রহিচ উদ্দিনের ছেলে এনামুল হক (৫২)।


