নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন নদীর পাড়ে থাকা আরও দুজন।ঈদের দিন (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের নিউ ধলেশ্বরী নদী পাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হাতিয়া গ্রামের রবিউলের ছেলে আরিফ (১৫), আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্বপাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)।আহতরা হলেন, আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (১৫) এবং আশরাফুলের ছেলে জাহিদ (২০)।দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূঁইয়া বলেন, ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাতে ঘটনাস্থলে একজন মারা যায়। এতে গুরুতর দুইজনসহ চারজন আহত হয়।তিনি আরও জানান, পরে আহত রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। নিহতদের লাশ বাড়ি আনা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


