নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি কাটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এতে মহাসড়কে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও ঢাকা টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোনো যানজট নেই। এতে স্বস্তিতেই কর্মস্থলে ফিরছেন মানুষ।

গত কয়েক বছর ঈদের আগে ও পরে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের কারনে যানজটে দুর্ভোগ পোহাতে হতো ঘরমুখো ও কর্মস্থলে যাওয়া মানুষদের। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। ঈদের আগেও এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও ছিল না কোনো যানজট। ঠিক তেমনি ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষগুলো এবার যানজট ছাড়াই ফিরতে পারছেন।
শনিবার (৭ মে) দুপুর ১২টার দিকে বৃষ্টির কারণে যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও সৃষ্টি হয়নি কোনো যানজট। তবে মহাসড়কে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ছাড়াও মোটরসাইকেলেও ফিরতে শুরু করেছেন মানুষ।
যানবাহনের চালকরা জানিয়েছেন, গত কয়েক বছরে ঈদের আগে ও পরে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে যানজট হতো। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। ঈদের আগে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনের সড়কটি একমুখী (ওয়ানওয়ে) করে দেওয়ায় কোনো যানজট হয়নি। ফলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ঢাকাগামী যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও কোনো প্রকার যানজট নেই।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যানজট নিরসনে মহাসড়কে শুক্রবার রাত থেকে ৮০০ পুলিশ মোতায়ন করা হয়েছে। ঈদের ছুটিতে যেভাবে স্বস্তিতে মানুষ বাড়ি ফিরেছেন ঠিক তেমনি স্বস্তিতে কর্মস্থলে ফেরানোর জন্য পুলিশ কাজ করছে।


