নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রফিকুল ইসলাম (৪৫) উল্লাপাড়ার কালিগঞ্জ গ্রামের নুরুজ্জামানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়বুর রহমান জানান, মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নামের মাইক্রোবাসের এক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


