নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর)সকালে পোস্টকামুরী এলাকায় মহাসড়কের একটি সেতুর পাশে প্রায় ৪০ ফুট নিচে কচুড়ীপানাযুক্ত খাদ থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত মুজিবুর রহমানের (৫০) বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর গ্রামে।এ ঘটনায় মির্জাপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক চালকের সহকারী হাসানকে (২০) আটক করেছে। হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে।আটক হাসান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গতকাল বিকাল ৩টার দিকে তারা দিনাজপুরের মধ্যপাড়া থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হন। রাত ৩টায় ট্রাকটি মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছে। সামনে যানবাহন থাকায় তাদের ট্রাকটি ধীরে চলছিল। পোস্টকামুরী সেতুর কাছে গেলে তারা অস্ত্রধারী ডাকাতের কবলে পড়েন। ডাকাত দলের সদস্যরা অস্ত্র উঁচিয়ে তাদের কাছে থাকা মালামাল লুটে নেওয়ার চেষ্টা করেন। এসময় ডাকাতেরা তাদের মারধর করেন। পরে তারা দুজন ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যান।
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়দুর রহমান বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। নিহত ট্রাক চালকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। সহকারী হাসান একেক সময় একেক তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করছেন। তবে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’


