নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল শহরের কুমুদিনী সরকারি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাস উপহার দিয়েছেন। রোববার সকালে কলেজের শিক্ষক ও ছাত্রীদের উঠিয়ে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজি, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গোপী নাথ দত্ত, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ।এর আগে গত ২৪ নভেম্বর রোববার সকালে বিআরটিসি বাস ডিপোতে দেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বাস তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান বলেন, কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিন পরে আওয়ামী লীগ সরকার থেকে আমাদের এ কলেজকে একটি বাস উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের এ কলেজে উচ্চ মাধ্যমিক, অনার্স/ডিগ্রী, মাস্টার্স মিলে ৯ হাজার ছাত্রী রয়েছে। ছাত্রীদের এ বাসে যাতায়াত করতে অনেক সুবিধা হবে। আরো ৪টি বাসের প্রয়োজন।
১৯৪৩ সালে টাঙ্গাইলের দানবীর রণদা প্রসাদ সাহা এ কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বারা প্রতিষ্ঠিত হয। ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।


