নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে ইব্রাহীম খলিল (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

তিনি গোপালপুর উপজেলায় সৈয়দপুর গ্রামের মৃত গরিবুল্লাহ শেখের পুত্র। ঝাওয়াইল (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, নিহত ইব্রাহীম খলিল বৃহস্পতিবার(১২ নভেম্বর) দুপুরে গোপালপুর বাজার এলাকা থেকে মটরসাইকেল যোগে নন্দনপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। কাজীবাড়ী নামকস্থানে তিনি পৌছলে, অপরদিক থেকে আসা একটি ঘাতক ট্রাকের (ঢাকা মেট্রো ক-১৪-১৭২১) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে আহতের শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকলে, চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে এলেঙ্গা এলাকায় পৌঁছালে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকচালক পালিয়ে যায়। বর্তমানে ট্রাকটি গোপালপুর থানায় আটক রয়েছে। গোপালপুর থানার এসআই আকতারুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।


