নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে দুই লাখ ৭৭ হাজার ৫ শত টাকার জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটকরা হচ্ছেন বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহমুদ হারেজ, কাশিল পশ্চিমপাড়া গ্রামের আজমত খা’র ছেলে আয়নাল খান ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া।
টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলনকক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।সংবাদ সম্মেলনে জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালায়। সেখানে সোনা মিয়ার বাসার দ্বিতীয়তলা থেকে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৭ হাজার ৫শত টাকা জাল টাকা (সবগুলোই পাঁচশত টাকার নোট), জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আটকরা জানান কোরবানির পশুর হাটে চালানোর জন্য তারা জাল টাকার নোট তৈরি করছিল।
বুধবার রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. নুরুজ্জামান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
গোয়েন্দা পুলিশের ওসি সাজ্জাদ হোসেন জানান, তিনজনকে বৃহস্পতিবার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।


