নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তদের দেয়া বিষে ৪৯ দিন বয়সী ১ হাজার হাঁসের ছানা মারা গেছে। সোমবার পৌর এলাকার দুর্গাপুর গ্রামের দরগার ডুবার পাড়ে এ ঘটনা ঘটে।

খামার মালিক আরিফ জানান, খাকি ক্যাম্বেল জাতের ১ হাজার ১শ হাঁসের ছানা নিয়ে গত ৮ জুলাই বাড়ির পাশেই ডুবার পাড় এলাকায় হাঁসের খামার গড়ে তোলেন।রোববার রাতে খামারের হাঁসগুলোকে খাবার দেয়ার পর সোমবার সকালে খামারে গিয়ে দেখেন হাঁস মরে পড়ে আছে। তার ধারণা রাতের কোনো এক সময় খাবারের সঙ্গে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা। মধুপুর উপজেলা ভ্যাটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ড (বিএফএ) ওবাইদুল্লাহ লিট জানান, সোমবার খামারি আরিফ একটি মৃত, দুটো জীবিত হাঁস নিয়ে হাসপাতালে এলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের উপস্থিতিতে মৃত হাঁস চিরে বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ জানান, টক্সিন সমস্যায়ও এমন হতে পারে। খামারের বাকি হাঁসের চিকিৎসা দেয়া হচ্ছে।মধুপুর থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে অন্যরকম কিছু পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


